মেসার্স ঢাকা ট্যাগ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ওমরসহ ৪ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংক লোকাল শাখার ৮কোটি ৮২ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা ঋণ জালিয়াতির মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশনের এক সভায় ঢাকা ট্যাগ লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চার্জশিটভুক্ত অপর ৩ আসামি হলেন, ঢাকা ট্যাগ লিমিটেডের সাবেক এমডি মো. আবদুর রহমান,সাবেক পরিচালক মো. ইলিয়াস এবং ইসলামী ব্যাংক লোকাল শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আবু নসর।
তিনি বলেন, ১৯৯৪-৯৫ অথ বছরে মেসার্স ঢাকা ট্যাগ লিমিটেড নামের এ ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ইসলামী ব্যাংক লোকাল শাখার থেকে মোটা অংকের ঋণ নেয় আসামিরা। কিন্তু ওই ঋণের অর্থ আর ব্যাংকে জমা হয়নি।
এ অভিযোগে দুদকের উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০১৩ সালে ২৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলা দায়ের করেন।
পরে দুদকের উপ পরিচালক সেলিনা আখতার তদন্ত করে কমিশনে প্রতিবেদন জমা দেন। তিনি প্রতিবেদনে সুদ আসলে ৮কোটি ৮২ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা আত্মসাত হয়েছে বলে উল্লেখ কবেন।
একে,





