মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যার তদন্তের জন্য চলতি সপ্তাহে বাংলাদেশে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ কথা জানিয়েছেন ডিএমপির মুখপাত্র এবং মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় তিনি আরও বলেন, এ ঘটনায় আটক শাফিউর রহমান ফারাবী প্রাথমিক জিঙ্গাসাবাদে অভিজিৎ রায়কে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করলে তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিঙ্গাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
গত ২৬ ফেব্রুয়ারি ড. অভিজিৎ রায়ের বর্বর হত্যাকাণ্ডের পর তা তদন্তে সহযোগিতা করতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই) প্রতিনিধি।
এ ছাড়া এফবিআই যুক্তরাষ্ট্র থেকে খুব শিগগির বাংলাদেশে একটি টিম পাঠাবে বলেও জানানো হয়। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে এফবিআইকে যুক্ত করার বিষয়ে পরে বাংলাদেশ সরকারও সম্মত হয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের এফবিআই প্রতিনিধি অভিজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা দিতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে।
উল্লেখ্য বৃহস্পতিবার রাতে একুশের বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ।
'মুক্তমনা' ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পরপরই ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এর তদন্তে আগ্রহের কথা জানান।
একুশের বইমেলায় নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ-রাফিদা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক।
অভিজিৎ হত্যা ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় গত শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক অজয় রায়। শনিবার মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
এদিকে, অভিজিৎ রায় হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে (২৯) সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
এএইচ





