মেহেরপুর মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

একইসঙ্গে তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন কেন বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, উপসচিব (উপজেলা শাখা), খুলনার বিভাগীয় কমিশনার, মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী।

পরে আইনজীবী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, এ আদেশের ফলে তাদের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইলো না।

একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ২ এপ্রিল এই দুই জনপ্রতিনিধিকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তাদের দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে।

১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধিত ২০১১-এর ১৩(খ)(১) অনুসারে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের এ আদেশ চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন তারা।

এমবি