জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী রিভিউ শুনানির জন্য এক মাস সময় পেয়েছেন। আগামী ২৪ আগস্ট রিভিউ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রিভিউ শুনানির দুই মাসের সময় আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এক মাসের সময় মঞ্জুর করেন।তবে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় আবেদনের বিরোধীতা করেন।

গত ১৯ জুন আপিল বিভাগের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম আলী। ওই আবেদনে ১৪টি আইনি যুক্তি তুলে ধরে তাঁকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আদেশ দেন আদালত। পরে গত ৭ জুন তাঁকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

জেড