সোনালি ব্যাংকের ৯টি শাখা থেকে ৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় আরও ৭ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
আজ রোববার দুদকের উপ-পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলীর পাঠানো তলবি নোটিশে ওই ৭ কর্মকর্তাকে নির্ধারিত সময়ে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
আগামী ১০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে সোনালি ব্যাংক প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন বিভাগের (পরিদর্শন ও মনিটরিং সেল) সিনিয়র অফিসার খন্দকার আব্দুল ওয়াকিব, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সুকুমার রায়, মোঃ জসিম উদ্দিন খানকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
আগামী ১১ নভেম্বর সকাল ১০ টা থেকে ৩টার মধ্যে সোনালি ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন বিভাগের কর্মকর্তা মো. আনিসুজ্জামান, এক্সিকিউটিভ অফিসার বিপব ভূষণ বক্সি, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মুনজুর রহমান এবং সহকারি জেনারেল ম্যানেজার মো. আসাদুর হককে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
তলবি নোটিশ প্রাপ্তদের কর্মকর্তাদের পরিদর্শন এবং প্রতিবেদনে সোনালী ব্যাংকের ৯টি শাখায় ৭ হাজার কোটি টাকা লোপাট হওয়ার বিষয়টি উঠে বেরিয়ে আসে। বিষয়টির অনুসন্ধান প্রক্রিয়ায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট শাখাগুলোর জড়িত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে।
অভিযোগ রয়েছে, সোনালী ব্যাংক হোটেল রূপসী বাংলা শাখা, আগারগাঁও শাখা, গুলশান শাখা, লোকাল (স্থানীয়) কার্যালয়, মতিঝিল বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা, চট্টগ্রাম আগ্রাবাদ কর্পোরেট শাখা, চট্টগ্রাম লালদীঘি কর্পোরেট শাখা এবং নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার মাধ্যমে ভুয়া এলসি এবং ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৭ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আর এ লোপাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা এবং একটি জালিয়াত চক্র ব্যাবসায়ের নামে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ উত্তোলনের মাধ্যমে পুরো টাকা লোপাট করেছেন।
জানা যায়, গত বছর ২ ডিসেম্বর থেকে ১৪ আগস্ট পর্যন্ত দুদকের অনুসন্ধানী টিমের প্রধান মীর মো. জয়নুল আবেদীন শিবলী সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের এমডি এন্ড সিইওর মাধ্যমে সংরক্ষিত রেকর্ড পত্রের সত্যায়িত কপি সংগ্রহ করেন।
২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন প্রতিবেদনের সত্যায়িত কপি।
সোনালী ব্যাংক চট্টগ্রাম আগ্রাবাদ করপোরেট শাখার উপর সোনালী ব্যাংকের এডি শাখার ইন্সপেকশন সেল এবং এডি শাখার ইন্সপেকটশন এন্ড মনিটরিং ডিভিশনের ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের সত্যায়িত কপি পেয়েছে দুদক।
একে/এসএইচ





