দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম বিচারপতির স্কাইপির কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগের ওই মামলায় তার জামিন নামঞ্জুরের এই আদেশ দেন।

২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকা সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকার প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হকের প্রায় ১৭ ঘণ্টার স্কাইপিতে ব্যক্তিগত কথোপকথন দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়। যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন লংঘন এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। ওই ঘটনার পর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন।

মাহমুদুর রহমানের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, এই মামলায় ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এদিকে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় ২০১৫ সালের ১৩ আগস্ট মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।

এমকে