সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য রয়েছে। ওইদিনের আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার চার নম্বরে রিভিউ পিটিশনটি অন্তর্ভূক্ত রয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ রিভিউ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় আসে। কিন্তু আসামি পক্ষে ৬ সপ্তাহ সময় চেয়ে আবেদন করায় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এক সপ্তাহ সময় মঞ্জুর করেন। সেই মোতাবেক গত ৭ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য আবার কার্যতালিকায় আসে। ওইদিনও আসামি পক্ষ সময় চেয়ে আবেদন করে। আপিল বিভাগ সময় মঞ্জুর করে ৩ মে শুনানির জন্য দিন ধার্য করে দেন।
বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামি পক্ষ। পরে মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ রায় দেন এবং আসামি পক্ষের আবেদন খারিজ করেন। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি গত ১৫ মার্চ প্রকাশ পায়।
রায় প্রকাশের পর গত ২৯ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ পিটিশন দাখিল করেন নিজামীর আইনজীবীরা।
প্রসিকিউশন মনে করছে, রিভিউ আবেদনে রায়ের কোনো পরিবর্তন হবে না। তবে আসামি পক্ষ মনে করছে- আদালত রায় পুনঃবিবেচনা করে নিজামীকে খালাস দেবেন।
ওএফ





