ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র রি-পাওয়ারিং প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে প্রধান প্রকৌশলী আক্তার হোসেনসহ ৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান তাদের জিজ্ঞাসাবাদ করেন।

অপর ২ জন হলেন, ঘোড়াশাল বিদ্যুৎ প্রকল্পের প্রধান প্রকৌশলী (প্ল্যানিং অ্যান্ড ডিজাইন) মোস্তাক আহমেদ ও প্রধান প্রকৌশলী (জেনারেশন) নান্নু রহমান।

জানা যায়, জিজ্ঞাসাবাদে এ ৩ প্রকৌশলী দুর্নীতির দায়-দায়িত্ব অস্বীকার করেন। তারা বলেন, এ পর্যায়ে দুর্নীতির কোনো অবকাশ নেই। প্রকল্পের নীতি-নির্ধারণী পর্যায়ে তারা ছিলেন না। মন্ত্রণালয় তথা সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা অর্পিত দায়িত্ব পালন করেছি মাত্র। অনুসন্ধান কর্মকর্তা তাদের এ বক্তব্য লিপিবদ্ধ করেন।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক হামিদুল হাসান বিদ্যুৎখাতের বৃহৎ এ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে ইতিমধ্যে পিডিবি’র প্রধান প্রকৌশলী ( উৎপাদন) খালেদ মাহমুদকে গত ২৩ অক্টোবর জিজ্ঞাসাবাদ করেছেন।

একে/এসএইচ