ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র বাতিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
আজ রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁর আইনজীবীরা এ রিট আবেদন করেন।
আবদুল আউয়াল মিন্টুর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আগামীকাল সোমবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে আবেদনটির শুনানি হবে।
রিট আবেদনে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল শুনানি শেষে গতকাল শনিবার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
তবে মিন্টুর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, তাঁরা আপিলে ন্যায়বিচার পাননি। এতে দেশবাসী হতাশ হয়েছে। রায়ের পর তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তাঁরা। এ বিষয়ে আইনি লড়াই চালাবেন। এরই ধারাবাহিকতায় আজ হাইকোর্টে রিট আবেদন করা হলো।
শুনানিতে গতকাল মিন্টুর পক্ষে অংশ নেন বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, সালাউল্লাহ মিয়াসহ বিএনপি-সমর্থক আইনজীবীরা।
মিন্টুর মনোনয়নপত্রে তাঁর সমর্থনকারী যিনি ছিলেন, তিনি উত্তর সিটি করপোরেশনের ভোটার নন-এই ভিত্তিতে মনোনয়নপত্রটি বাতিল হয়েছিল।
কেএইচ





