ফেনীতে বিক্ষোভ মিছিলে সংঘাতের ঘটনায় ছাত্রদলের ১৬৯ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল সোমবার (২১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (২০ নভেম্বর) রাতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মহসিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ সময় ১৪ জনের নাম উল্লেখ করে ও ১৫৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হোসেন (২৮), যুবদল কর্মী মো. আলাউদ্দিন (২৮), ছাত্রদল কর্মী নিজাম উদ্দিন (২১), আবির ইসলাম (১৯) ও আবদুল্লাহ আল নোমান (১৯)।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, সরকার পুলিশ দিয়ে আন্দোলন ঠেকাতে চায়। ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচীতে বিনা উস্কানিতে পুলিশ লাঠিপেটা করেছে। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, রোববার ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে সড়কে ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ধাওয়া করে পাঁচজনকে আটক করা হয়।
এবিএস





