সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ মাছ ব্যবসায়ী নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ির চালকদের আটক করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারি পাড়া মহল্লার দেবেন হালদারের ছেলে মাছ ব্যবসায়ী দিপক (৪২) ও একই এলাকার আবুল তালুকদারের ছেলে মাছ ব্যবসায়ী জাকারিয়া (৩২)।
আহতদের মধ্যে সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারি পাড়া মহল্লার মাছ ব্যবসায়ী কৃষ্ণ ও মানিকের নাম জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে একটি পিকআপভ্যান তাড়াশের মহিষলুটি মাছের আরতে যাচ্ছিল। এ সময় মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় নাটোর-ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী দীপক নিহত হন এবং জাকারিয়া, মানিক ও কৃঞ্চসহ আহত হয় ছয়জন।
স্থানীয় লোকজন ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় জাকারিয়ার মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





