আদালত অবমাননার দায়ে ৫ হাজার টাকা জরিমানা স্থগিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আপিলের শুনানির জন্য ২৬ জুলাই দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।

সোমবার সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট তৌফিক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গত ১৬ জুন ট্রাইব্যুনালের দেয়া ৫ হাজার টাকা জরিমানার আদেশের কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে জাফরুল্লাহর আবেদনের প্রাথমিক শুনানি করে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।

গত ১০ জুন আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যর বেঞ্চ ডা. জাফরুল্লাহকে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।৭ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে আদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে পর প্রথমে তিনি কাঠগড়ায় উঠে সাজা ভোগ করতে অস্বীকৃতি জানান ও আদালতকে সাজা স্থগিত করতে বলেন। অবশেষে তার সঙ্গীদের অনুরোধে ১০ জুন দুপুর ১২টা ৪৯ মিনিট থেকে ১টা ৪৯ মিনিট পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে দণ্ড ভোগ করেন জাফরুল্লাহ।

প্রসঙ্গত, ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় আদালত অবমানার দায়ে ডা. জাফরউল্লাহ চৌধুরীকে এ সাজা দেয়া হয়।

এআর