অবশেষে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ (২৯ আগস্ট) বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।
আদালত আদেশে আরও বলেছেন, আয়শা সিদ্দিকা মিন্নি এই সময়ে বাবার জিম্মায় থাকবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না।
জামিনে থাকা অবস্থায় গণমাধ্যমের সাথে কথা বললে মিন্নির জামিন বাতিল হবে বলেও আদেশে উল্লেখ করেছেন আদালত।
এরআগে গতকাল (বুধবার) মিন্নির জামিন কেন দেওয়া হবে না মর্মে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। পরে এই বিষয়ে আজ আদেশের জন্য দিন রাখে হাইকোর্ট। মিন্নির জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এসব আদেশ এলো।
উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে নিয়ে বরগুনা সরকারি কলেজ থেকে ফেরার পথে নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ একদল যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় মিন্নি হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন; কিন্তু তাদের থামানো যায়নি। খুনিরা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।
এই হত্যার ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ পরের দিন সকালে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেন। মিন্নি ছিলেন সেই মামলার ১ নম্বর সাক্ষী। পরে ১৬ জুলাই রাতে এই মামলায় তাঁকে গ্রেফতার দেখায় পুলিশ। পরদিন বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মিন্নির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এমবি





