একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের সঙ্গে দেখা করবে তার আইনজীবীরা।
মুজাহিদের সঙ্গে আইনজীবীদের দেখা করার বিষয়টি বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনজীবী গাজী এমএইচ তামিম।
তামিম বলেন, ‘আগামীকাল শুক্রবার আমরা পাঁচজন আইনজীবী তার সঙ্গে দেখা করতে যাবো। তাই এ বিষয়ে অনুমতি চাইতে আজ একটি আবেদন নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে রওনা হয়েছি।’ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আইনজীবী গাজী এমএইচ তামিম একাই এ আবেদন নিয়ে কেন্দ্রীয় কারাগারের পথে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে দুপুরে কারাগারে মুজাহিদের সঙ্গে তার পরিবারের ১২ সদস্য দেখা করেন। তারা হলেন- স্ত্রী তামান্না-ই-জাহান, বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেছ, ছোট ভাই ওজায়ের এমএ আকরাম, বড় ছেলে আলী আহম্মদ তাজদীদ, মেজ ছেলে আলী আহম্মদ তাহকিক, ছোট ছেলে আলী আহমেদ মাবরুর, মেয়ে তামরিনা বিনতে মুজাহিদ, বড় ছেলের স্ত্রী ফারজানা জেবিন, মেঝো ছেলের স্ত্রী নাসরিন কাকলি, ছোট ছেলের স্ত্রী সৈয়দা রুপাইদা, ভাগনে আ ন ম ফয়েজ হাদী সাব্বির ও স্বজন নুরুল হুদা।
এর আগে গতকাল বুধবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ মুজাহিদের রিভিশন আবেদন খারিজ করে আপিল বিভাগের মৃত্যুদণ্ডাদেশ রায় বহালের আদেশ দেন।
এমএইচ





