মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আপিল বিভাগের কাছে আমরা ন্যায়বিচার প্রত্যাশী। তিনি ন্যায় বিচার পেলে এই মামলা থেকে খালাস পাবেন বলেও আশা ব্যাক্তি করেন আইনজীবী।
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে।
মঙ্গলবার নিজামীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য করার পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সময় নিজামী কোনো অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। এ কথা আমরা আদালতে বলেছি। নিজামী তার রাজনৈতিক বিশ্বাস থেকে পাকিস্তানির অখণ্ডতাকে সমর্থন করতেন। আদালত আমাদের বক্তব্য মনযোগ সহকারে শুনেছেন। আমরা আশা করছি, সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায়বিচার পাব।’
উল্লেখ্য, আজ সকালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় ঘোষণার জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। দুই পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে।
এআই





