রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমের (‘ও’-লেভেল) স্কুলছাত্রী আনুশকাহ নূর আমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত তানভীর ইফতেখার দিহানের ৩ বন্ধুকে ছেড়ে দেওয়া হয়েছে।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি দিহানও আদালতে বলেছে তার তিন বন্ধু এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আসামি নিজেই এই ঘটনা ঘটিয়েছে।
সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি দিহানের তিন বন্ধুর বিরুদ্ধে। শুক্রবার (০৮ জানুয়ারি) রাতেই তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। এছাড়া মামলার এজাহারে ও দিহান ছাড়া অন্য কাউকে আসামি করা হয়নি। তাদের বিরুদ্ধে জড়িত থাকার কোনও সত্যতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। মুচলেকা দিয়ে পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয় ৩ জনকে।
তবে তদন্তের স্বার্থে যে কোনও তথ্যের জন্য জিজ্ঞাসাবাদে তাদের ডাকা হতে পারে বলেও জানান তিনি।
গত ০৭ জানুয়ারি কলাবাগানে অভিযুক্ত দিহানের নিজ বাসায় ধর্ষণের পর হত্যা করা হয় ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে। দিহানের বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে ধর্ষণ ও হত্যার অভিযোগে নিহতের বাবা বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন।
এই ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি ফারদিন ইফতেখার ওরফে দিহান গতকাল (০৮ জানুয়ারি) শুক্রবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এমবি





