হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যার ঘটনায় আটক আব্দুল আলী ও তার ছেলে জুয়েলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল মেজিস্ট্রেট কাওসার আলমের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বাহুবল থানা পুলিশ বুধবার সন্ধ্যায় আবদুল আলী ও তার ছেলে জুয়েলকে আটক করে। এ ছাড়া এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার আরো দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন সুন্দ্রাটিকি গ্রামের হাবিবুর রহমান ও রুবেল। এ নিয়ে এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য,গত শুক্রবার বিকেলে গ্রামের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই চার শিশু। নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকালে গ্রামের নদীর তীরে বালুচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুরা হলো উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
এসএম/এমএম
এসএম





