বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার শুনানি ২৭ আগস্ট ধার্য করা হয়েছে।

সোমবার ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে এ মামলা দুটির বাদী পক্ষকে জেরা গ্রহণের দিন ধার্য ছিল।

আদালত শুরুর পর বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ সময়ের আবেদন দাখিল করেন।

পরে আদালত সময় আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানি ২৭ আগস্ট ধার্য করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তাই দুই মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।

অপরদিকে, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য নেওয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করবেন বলে আরো একটি আবেদন করা হয়েছে।

এমএইচ