নবীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১টি প্রাইভেটকার ৩১০ পিস ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ চার ছাত্রলীগ নেতা এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ।

মহাসড়কের গোপলার বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ও যৌন উত্তেজক ২শ’ পিস ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার গজনাইপুর ইউনিয়নের চান্দ আলী মিয়ার পুত্র ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মনসুর মিয়া (৩০) সাতাইহাল গ্রামের মৃত ইউছুফ মিয়ার পুত্র ও ছাত্রলীগ কর্মী আলমগীর হোসেন (২৭)। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে গোপলার বাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি (অটোরিকশা) আটক করে পুলিশ। সিএনজির ভেতরে থাকা মনসুর ও আলমগীর নিজেদের ছাত্রলীগ নেতা পরিচয় দেয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে উল্লিখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন ডিবির ওই দল মহাসড়কের সৈয়দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী আরো দুজনকে ১১০ পিস ইয়াবাসহ আটক করে।

মন্নান গোলবাহার মার্কেটের সামনে থেকে আটককৃতরা হলো হবিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিয়াখাল গ্রামের আবিদুর রহমান খানের পুত্র খলিলুর রহমান খান, দরিয়াপুর গ্রামের আবদুল খালেকের পুত্র নাজিম আহমদ, রায়ধর গ্রামের আবদুল মন্নানের পুত্র তুহিন মিয়া, গোপায়া গ্রামের রশিদ মিয়ার পুত্র আরজু মিয়া। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এমবিএচ