হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত ব্যক্তিদের বোমা হামলার হুমকিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
দেশে সাম্প্রতিককালের বোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করতেই এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ভেতরে ও বাইরে যাত্রীদের কঠোর তল্লাশিসহ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরকেন্দ্রিক নাশকতার পরিকল্পনা করছে একটি গোষ্ঠি- তাদের কাছে এমন তথ্য রযেছে। রোববার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর এক অভ্যন্তরীণ বৈঠকে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এপিবিএন এর সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, রেড অ্যালার্ট জারি করা হয়নি। নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় দর্শনার্থী প্রবেশে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এমএইচ





