চুয়াডাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতিতার পরিবার। গতকাল বৃহস্পতিবার রাতে নির্যাতিতার বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় প্রধান অভিযুক্ত শরিফুলসহ চারজনের নাম উল্লেখ করে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন।
স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত শরিফুল ও তার সহযোগীরা মেয়েটির পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঐ স্কুলছাত্রীকে ব্যাপক মারধোর করে বখাটেরা। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার।
নির্যাতিতা জানান, 'যে শরিফুল আমাকে মারধর করেছে, আমরা তার বিচার চাই।'
পরিবারের স্বজনরা জানান, 'স্কুল ছাত্রীদের উপর যে নির্যাতন হয়েছে। আমরা তার বিচার চাই। যাতে করে আর কেউ এই রকম ঘটনা করতে না পারে।'
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পরিদর্শক এইচ এম লুৎফুল কবীর বলেন, 'এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শরিফুলসহ চারজনকে আটকের চেষ্টা চলছে।'
এসএম





