অবশেষে বহুল আলোচিত ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জ উপজেলা এসিল্যান্ডের অফিস থেকে জাল দলিলে জমির নাম জারি, জালিয়াতি ও দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের বিশেষ অনুসন্ধান শাখা থেকে কেরানীগঞ্জ উপজেলা এসিল্যান্ডের অফিসের জালিয়াতি ও ঘুষ- দুর্নীতি, নিরীহ মানুষের অমানবিক হয়রানির বিষয়ে সরেজমিনে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে দুদকের কর্মকর্তাদের।

জানা যায়, শিগগিরই দুদকের বিভাগীয় কার্যালয় থেকে কেরানীগঞ্জ উপজেলা বর্তমান এসিল্যান্ড রাশেদুল ইসলাম এবং ওই অফিসের জালিয়াতি ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনুসন্ধানী কার্যক্রম শুরু করা হবে।

এদিকে কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার ক্ষতিগ্রস্ত শেখ আবদুর রাজ্জাক গত ২ জুলাই দুদক চেয়ারম্যানের দফতরে দুর্নীতির আখড়া বলে খ্যাত কেরানীগঞ্জ এসিল্যান্ডের অফিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, তার মালিকানাধীন জমি কেরানীগঞ্জ উপজেলা এসিল্যান্ড,কানুনগো,সার্ভেয়ারসহ ওই অফিসের জালিয়াতি চক্র মোটা অংকের ঘুষের বিনিময়ে জাল দলিলের মাধ্যমে অন্যের নামে নামজারি করেছে।

তিনি বলেন,তাদের মীরেরবাগ মৌজায় সিএস ৫৫,এসএ ৪৭ এবং আরএস ৮৯ নং-খতিয়ানের প্রায ১৫৩ শতাংশ জমি জালদলিলের মাধ্যমে অন্যের নামে গত ২০১২ সালের৩ জুলাই নাম জারি (কেস নং-৮৯) করেন। ওই জালিয়াত চক্র গোপনে ২০০৬ সালে ১১ সেপ্টেম্বর কেরানীগঞ্জ সাব-রেজিষ্টারের অফিসে জাল দলিল নং-৫১৮৮ মূলে আলোচিত জমিটি রেজিষ্ট্রি করে।

কেরানীগঞ্জ এসিল্যান্ড অফিসে এ ধরনের আরও বেশ কয়টি জালিয়াতির ঘটনা রয়েছে,দফায় দফায় ঘুষ আদায়ের জন্য নামজারির আবেদনকারীদেও নানা অজুহাতে হয়রানী করা হচ্ছে। এসিল্যান্ডের অফিসের আদেশে ইচ্ছাকৃত ভুল,ক্রুটি রেখে বার বার সংশোধনের নামে অর্থ আদায় করা হচ্ছে। কিন্তু নির্ভুল আদেশ জারির নামে অতিরিক্ত অর্থ আদায় করতে গিয়ে মাসের পর মাস লোকজনকে অযথা হয়রানী করা হচ্ছে এমন অভিযোগের অন্ত নেই।

এব্যাপারে কেরানীগঞ্জের এসিল্যান্ড রাশেদুল ইসলামের মোবাইল নং-০১৯১-৬৫৮৩৩৫১ ফোন করলে তিনি কথা বলেননি। পরে তার পিএ-হুমায়ুন কবিরের সঙ্গে মেবাইলে কথা হয়।

তিনি বলেন, জমির দলিল জাল কিংবা অরিজিনাল এসব দেখার দায়িত্ব এসিল্যান্ড অফিসের না। এসব দেখবে সাব রেজিষ্টারের অফিস এবং আদালত।

এছাড়া ঘুষ কেলেংকারি এবং মানুষকে হয়রানী প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

ঢাকা, একে, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেএ