রাজধানীর ফকিরাপুলে একটি পুলিশবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই নারী পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় ট্রাকটির চালক সেলিমকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
মতিঝিল থানার ওসি ফরমান আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানোর সময় মাওয়া ফেরিঘাট এলাকা থেকে সেলিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, রোববার ভোর সোয়া ৬টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস থেকে বাসে করে অবরোধের ডিউটি পালনের জন্য যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যরা। এ সময় ফকিরাপুল মোড়ে ট্রাকের সঙ্গে পুলিশ বহনকারী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আকলিমা (২৫) ও মুনীরা (২৩)। আহত হন আরো ২৬ জন।
আকলিমা কিশোরগঞ্জের কুলিয়ারচরের খিরপুর এলাকার গোলাম মোস্তফার মেয়ে এবং মুনীরা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের বুলু মিয়ার মেয়ে।
এএইচ





