বাসে আগুন দেয়ার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আগামী ২৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
সোমবার (০৫ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এই আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মীর শরাফত আলী শফু, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার, আসাদুজ্জামান নেছার, সাইফুল ইসলাম, হাবিবুর রশিদ, রফিকুল আলম মজনু, আবুল মনসুর খান, কামাল আনোয়ার আহমেদ, ইয়াসিন আলী, হামিদুর রহমান, এসএম জাহাঙ্গীর, হাসান মামুন, আ ক ম মোজাম্মেল হক, শহিদুল ইসলাম বাবুল, ওবাইদুল হক নাসির, আবদুল মতিন, নূর সালাম, আলী রেজাউর রহমান ও সুমন।
অভিযোগ গঠন শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী, জহীর রায়হান জসিম, নিহার হোসেন ফারুক ও মমিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী জহির রায়হান সাংবাদিকদের জানান, এই মামলার সব আসামি জামিনে আছেন। অভিযোগ গঠনকালে আদালতে যেসব আসামি উপস্থিত ছিলেন তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন বলেও জানান এই আইনজীবী।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৫ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী পল্টনের নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে যাওয়ার সময় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেন। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক জাকির হোসেন একটি মামলা দায়ের করেন।
পরে ২০১৩ সালের ৫ অক্টোবর পল্টন থানার উপ-পরিদর্শক শফিউর রহমান বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সোমবার আদালত ওই অভিযোগপত্রের ভিত্তিতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এমই





