রাজধানীর ভাটারা থানাধীন কাজীবাড়ি এলাকার একটি বাসায় স্ত্রীকে খুন করেছেন পাষণ্ড স্বামী মঞ্জুরুল ইসলাম।

নিহত স্ত্রী কুলসুম বেগমের (২৬) লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ভাটারা থানার এসআই মেহেদী হাসান কুলসুমের লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

এসআই মেহেদী হাসান জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাজীবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে কুলসুমের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা পুলিশকে জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি হয়।

এক পর্যায়ে কুলসুমের কান্নার শব্দ শুনতে পান তারা। পরে এসে দেখেন কুলসুম মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

সে সময় স্বামী মঞ্জুরুল ইসলাম তার পাশেই বসেছিলেন। তবে কি হয়েছে জানতে চাইলে তিনি প্রতিবেশীদের কোনো উত্তর দেননি।

মঞ্জুরুলই তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রতিবেশীর ধারণা।

এসআই আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে কিভাবে মারা গেছেন কুলসুম। আর মঞ্জুরুল এ মুহূর্তে পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে।

এসএইচ