ব্যবসায়ীর হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে রোববার সকাল সাড়ে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। পর্যায়ক্রমে এ জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে। দুদক সূত্রে এ সব তথ্য জানা গেছে।

কৃষি ব্যাংকের সাবেক এমডি মোক্তার হোসেন, সাবেক ডিএমডি জয়নাল আবেদীন, সাবেক জিএম (অপারেশন) মাসুদ আহমেদ খান, সাবেক ডিজিএম গোলাম সারোয়ার, সাবেক ডিজিএম হাফিজ উদ্দিন ও সাবেক সিআরএম জোবায়ের মঞ্জুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদক সূত্র জানায়, ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বিভিন্ন সময় দেশের চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এর মধ্যে বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, ইসলামিক আইসিবি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি, সিটি ব্যাংক থেকে ছয় কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে দুই কোটি ৪০ লাখ টাকা। এর বেশিরভাগ টাকাই তিনি ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে। ব্যাংকের ঋণের নথিতে উল্লিখিত ঠিকানার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।

কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়ের অনুসন্ধানে এ সব তথ্য বেরিয়ে আসলে পরবর্তী সময়ে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক প্রতিবেদনে এ সব ঋণ আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করা হয়েছে।

কেএইচ