২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ ছাড়াও বিভিন্ন মামলার আসামিদের ধরতে রাজধানীসহ সারাদেশে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার সন্ধ্যার পর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব অভিযানে রাজধানী শহর ঢাকা, সুনামগঞ্জ, চাঁদপুর ছাড়াও বিভিন্ন স্থান থেকে ৫৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীও আছেন।
জানা যায়, রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে- জামায়াত-শিবিরের আট জন, হিজবুত তাহরিরের দুই জন এবং বিএনপির ১৭ নেতাকর্মী রয়েছেন। তবে, তাদের পরিচয় জানা যায়নি।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, নাশকতা প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
এদিকে রোববার রাতভর সুনামগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট কর্মীসহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
খুলনায় আটক ২৫:
মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, আটকদের মধ্যে তিন জন বিএনপিকর্মী । বাকি ২২ জন বিভিন্ন মামলার আসামি।
ঝিনাইদহে আটক ৮:
নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে সদরে ২ জন বিএনপি কর্মী, শৈলকুপায় ১ জন, কালীগঞ্জে ১ জন বিএনপি কর্মী, হরিণাকুন্ডুতে ১ জন জামায়াত কর্মী ও মহেশপুরে ২ জন জামায়াত কর্মী রয়েছেন। আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিল বলে তিনি জানান।
গাজীপুরে আটক ৭:
গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ৭ বিএনপি কর্মীকে আটক করেছে।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে চারজন, কালিয়াকৈর থানা এলাকা থেকে দুইজন এবং শ্রীপুর থানা এলাকা থেকে এক বিএনপি কর্মীকে আটক করেছে।
চট্টগ্রামে আটক ১৪:
চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বিএনপি কর্মী ৭ জন, শিবির কর্মী ৪ জন ও জামায়াতের ৩ কর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
এআর/ইআর





