ঢাকার কেরানীগঞ্জে এক সোর্সের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সোর্সের নাম রুবেল হোসেন (২২) বলে জানা যায়।

আজ শুক্রবার দুপুর দেড়টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার উত্তর পানগাঁওয়ে এক পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আসলে সোর্স বলে তো কিছু নেই। রুবেল পুলিশকে বিভিন্ন সময়ে তথ্য দিতেন। এই হত্যার ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় বাচ্চু নামের স্থানীয় এক ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিবার বলছে, রুবেল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সোর্স ছিলেন। মাদক দ্রব্য বিষয়ক বিরোধের জেরে স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাঁকে হত্যা করেছে।

রুবেলের পরিবারের তথ্যমতে, রুবেল উত্তর পানগাঁও এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। আগে ছোটখাটো ব্যবসা করলেও পরে তা ছেড়ে দিয়ে পুলিশের সোর্স হিসেবে বিভিন্ন তথ্য দিতে শুরু করেন।

গত শনিবার রাতে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী তাঁকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বেলা ১টার দিকে স্থানীয় কয়েকজন লোক একটি পরিত্যক্ত বালুর মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

রুবেলের মামা আয়াত আলী জানান, মাদক দ্রব্য নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তাঁরা।

এসএইচ