অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুর তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অপরদিকে হাইকোর্টে প্রজ্ঞাপনে মহানগর হাকিম আদালতে দুদকের মামলায় জামিন দেওয়ার এখতিয়ার আছে মর্মে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী। মহানগর হাকিম লস্কর সোহেল রানার আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার বিকেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে বলা হয়, অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের (পিবিটিএল) ব্যাংক গ্যারান্টির আবেদন যাচাই-বাছাই না করেই এবি ব্যাংকের মহাখালী শাখার দেওয়া প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠান। পরে তিনজন ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় চারটি বোর্ড সভার মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকার অপরিবর্তনীয় শর্তবিহীন ব্যাংক গ্যারান্টি অনুমোদন করা হয়।

ওই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৩৮৩ কোটি ২২ লাখ ৩৬৩ টাকা ১৩ পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

গত বুধবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান এম মোরশেদ খান ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম রাজধানীর বনানী মডেল থানায় এ মামলা করেন।