রাষ্ট্রপক্ষের পরে আপিল মামলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানাবেন মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীও।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে এ রিভিউ আবেদনে অভিযোগ থেকে অব্যাহতি ও খালাসের আরজি জানানো হবে। রিভিউয়ের বিষয়ে দিক-নির্দেশনা নিতে তার সঙ্গে সাক্ষাত করতে কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার, পার্ট-১) গেছেন সাঈদীর চার আইনজীবী।

আজ বুধবার বেলা ১২টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছান চার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

আইনজীবীরা রিভিউ আবেদন তৈরি করতে সাঈদীর কাছ থেকে দিক-নির্দেশনা নেবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন তার ছেলে মাসুদ সাঈদী। গত ৩১ ডিসেম্বর সাঈদীর আপিল মামলার ৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

আইন অনুসারে ওইদিন থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। তবে মাসুদ সাঈদী বলেছেন, তারা পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়েছেন ৩ জানুয়ারি। সে হিসেবে ১৮ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন। মঙ্গলবার সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আবেদনে, পাঁচটি আইনগত যুক্তি দেখিয়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার জন্য আরজি জানা যায়। গত বছরের ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্তাকারে সাঈদীর আপিল মামলার চূড়ান্ত এ রায় দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এআই