সরকার দলীয় কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদির দুর্নীতি মামলার তদন্তে অর্থ-সম্পদের তথ্য চেয়ে জাতীয় রাজস্ববোর্ডের গোয়েন্দা শাখাকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মঞ্জুর মোরশেদ এনবিআর’র সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ( সিআইসি) মহা-পরিচালক বরাবর এ চিঠি পাঠিয়েছেন।

দুদক সূত্র জানায়, গত বছর ২১ আগস্ট আব্দুর রহমান বদি এমপি’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। দুদকের উপ-পরিচালক মোঃ আব্দুস সোবহান বাদী হয়ে দুদক আইনের ২৬(২) এবং ২৭(১) ধারায় এ মামলা করেন।

তার বিরুদ্ধে দায়ের করা মামলায় ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদ গোপন এবং ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

বর্তমানে মামলাটি তদন্ত করছেন উপ-পরিচালক মঞ্জুর মোরশেদের নেতৃত্বে গঠিত একটি টিম। আর দুদকের এ তদন্ত টিম ইতিমধ্যেই মামলায় উল্লেখ করা হয়নি-এমন কিছু সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেছে।

বর্তমান পর্যায়ে এমপি বদি এবং তার স্ত্রী শাহিনা আক্তার সাকীর অর্থ-সম্পদ, বিভিন্ন ব্যাংকে আর্থিক লেনদেন এবং বৈদেশিক অর্থ আদান-প্রদানের তথ্য সংগ্রহে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখার সহযোগিতা চাইলেন।

একে/কেএইচ