মাদারীপুরে বিস্ফোরক দ্রব্য আইনে জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুসহ ১১ জনকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহসিন মোল্লা রোববার বেলা সাড়ে ৩টার দিকে এই আদেশ দেন। জাকারিয়া অপু এই মামলায় হাজিরা দিতে এলে আদালত তাকে জেলহাজতে পাঠান। মামলার বাকি ১০ আসামি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৫ মার্চ চরমপন্থি নেতা লুৎফর খালাসীর নেতৃত্বে জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুসহ ১৫ জন মাদারীপুর সদর উপজেলার শিরখারায় বাদী মনির হাওলাদারের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করায় আদালত এই দণ্ড প্রদান করেন।

মাদারীপুরের সদ্য সাবেক পিপি এড. সুজিত চ্যাটার্জী বাপ্পি বলেন, ‘আমি পিপি থাকার সময়ে এই মামলাটি দীর্ঘদিন শুনানি চলে। দীর্ঘ শুনানির পরে আদালত জেলা জাতীয় পার্টির সভাপতি জাকারিয়া অপুসহ ১০ জনের বিরুদ্ধে এই রায় প্রদান করেন। লুৎফর খালাসীসহ এই মামলার ৪ আসামি বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ক্রসফায়ারে নিহত হয়েছেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ