সকল আমলের সরকার ও বিরোধীদলের দুর্নীতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু।
বৃহস্পতিবার বেলা দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু যে এ সরকার দুর্নীতি করেছে তা নয়। এর আগে যারা ছিল তারা এবং তার আগেও যারা ক্ষমতায় ছিল তারাও দুর্নীতি করেছে। সেই দুর্নীতিগুলো এখনো মরে যায়নি। তাই আমরা সরকার ও বিরোধী দল সকলের দুর্নীতি খতিয়ে দেখবো।
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান দুদকে কেন এসেছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি যতটুকু জানি, তিনি সকাল ৯ টায় দুদকে এসেছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে অভিযুক্ত নন। তবে প্লট বরাদ্দের অনিয়মে তার সংশ্লিষ্টতার প্রমাণ যদি পাওয়া যায়, তবে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, দুদক কারো প্রতি নমনীয় নয়।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]