মানিকগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বাসে শ্লীলতাহানীর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাসের হেলপার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের সহকারী কমিশনার মাসুদ আহমেদ শুক্রবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা-মানিকগঞ্জের একটি বাসে লাঞ্ছিত হন ঢাবির ওই ছাত্রী। পরে তিনি বাসের হেলপার মামুনের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মামুনকে গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ওই ছাত্রী নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় আসছিলেন। কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন। এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। একপর্যায়ে বাসচালকের সহকারী মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন। তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনও মামুন তাকে গালিগালাজ করেন। পরে ওই ছাত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন।
এমএইচ





