কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কারাগার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুসারে আজ (০৬ অক্টোবর) বেলা ৩টা ১৮ মিনিটে সাবেক প্রধানমন্ত্রীকে  পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িবহরে উঠানো হয়। গাড়িবহর হাসপাতালে এসে পৌঁছায় বিকেল পৌনে ৪টার দিকে।

সেখানে উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, আবু নাসের রহমত উল্লাহ, চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এর আগে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন, আজ দিনের দ্বিতীয় ভাগের যেকোনো সময়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হবে।  

তিনি জানান, কারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তারাও জেলকোড অনুযায়ী তার থাকার ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছেন।  

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকের ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।

রায়ের পর থেকেই একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।  

এমবি