জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে যৌতুকের জন্য মুক্তি রানী (২৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। অভিযুক্ত স্বামী অনুকুল চন্দ্র রায়কে (২৯) আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ওই ইউনিয়নের গেদেরকুড়ি বনগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান জানান, প্রায় ৫ বছর আগে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি বনগ্রাম এলাকার নরেন্দ্র চন্দ্র রায় ওরফে নরেশের পুত্র অনুকুল চন্দ্র রায়ের সঙ্গে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চোরপাড়া গ্রামের গয়নাথ চন্দ্র রায় গইসুর কন্যা মুক্তি রানীর বিয়ে হয়।
বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যায় উভয়ের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
একপর্যায়ে অনুকুল লাঠি দিয়ে মুক্তি রানীকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মুক্তির রক্তাক্ত লাশ দেখতে পান বলেও জানান তিনি।
খবর পেয়ে বোদা থানার এসআই মৃগেন চন্দ্র রায় ঘটনাস্থল থেকে মুক্তি রানীর মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত থাকায় মুক্তি রানীর স্বামী অনুকুল চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মুক্তির অভিভাবকেরা থানায় আসলে মামলা নেয়া হবে।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





