পেট্রোবাংলার নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে ‘গ্যাস ট্যান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)'র আমিনুর রহমানকে  তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম।

জানা যায়, এ বিষয়ে গত ১০ জুন জিটিসিএল’র ৭ কর্মকর্তা, গত ২৭ মে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) জিএম মজিবুর রহমানসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

গত ১৩ এপ্রিল  পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরের বিরুদ্ধে অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান দুদকের উপ-পরিচালক শেখ আবদুস সালামকে দায়িত্ব দেয়া হয়।

এ বিষয়ে গত ৯ মার্চ দুদক আহসান আলীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ  দেয়। ওইদিনই তিনি পেট্রোবাংলা ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তথ্য  চেয়ে চিঠি পাঠান। এরপর তিনিপ্রায় ৩৮ জনকে তলবি  নোটিশ পাঠান। এদের মধ্যে ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করেন।

সূত্র মতে, গত ৩ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড.  হোসেন মনসুরের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ গ্যাসফিল্ড, কর্ণফুলী গ্যাস বিতরণ  কোম্পানির জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। কোম্পানির জিএমের নেতৃত্বে কমিটির নিয়োগ সংক্রান্ত সভায় তিনটি পদের জন্য ৩১টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়।

পরে লোক নিয়োগ দেয়া হয়েছে ১৪৩ জন। নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী  কোটা এবং নারী কোটা যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি।

কম্পিউটার অপারেটর পদের ১৪ জনের মধ্যে নিয়োগকৃত ১২ জনই কম্পিউটারের কোনো কাজ জানে না বলেও অভিযোগ রয়েছে।

ঢাকা,একে, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর