রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ ভেতর থেকে ১১৯টি মরা মুরগি উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

শনিবার (১২ জুন) দুপুরে বিমানবন্দর এলাকায় আমদানি কার্গো ভিলেজের বিপরীত পাশের রেস্টুরেন্ট থেকে এপিবিএনের গোয়েন্দা দল মরা মুরগি জব্দ করে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জানান, এ ঘটনায় রেস্টুরেন্টের ম্যানেজার, মৃত মুরগীর সাপ্লায়ার, রেস্টুরেন্টের বাবুর্চিসহ ৭ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আজ দুপুর আড়াইটায় বিমানবন্দর আর্মড পুলিশের একটি দল বিমানবন্দর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এয়ারপোর্ট রেস্তোরাঁর ভেতর থেকে ১১৯টি মৃত মুরগি জব্দ করে। এসময় ৭ জনকে আটক করা হয়।

ধারণা করা হচ্ছে, এই মুরগি রান্না করে ভোক্তাদের পরিবেশন করা হতো। আটক অভিযুক্তদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমবি