পাওনা হিসেবে ৪০৪ কোটি টাকা কর সরকারকে পরিশোধ করতে বিল্ডিং রিসোর্সেস এক্রস কমিউনিটিজকে (ব্র্যাক) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
এ সংক্রান্ত সরকারের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার দুপুরে এ রায় দেন।
আদালতে ব্র্যাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আসাদুজ্জামান। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।
মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৯৩-৯৪ থেকে ২০১১-১২ সাল পর্যন্ত মোট ১১ কর বর্ষে মোট ৪০৪ কোটি ২০ লাখ টাকা আদায়ে জরিমানা দাবিনামা জারি করে ঢাকার ডেপুটি কর কমিশনার। এরপর ট্যাক্সের অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা করে ব্র্যাক। দুটি আদালতই কর আদেশ বহাল রাখে।
এর বিরুদ্ধে হাইকোর্টে ১১টি ইনকাম ট্যাক্স রেফারেন্স দাখিল করে। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট ব্র্যাককে জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে কর থেকে অব্যাহতি প্রদানের রায় দেন। পরে এর বিরুদ্ধে ১১টি আপিল দায়ের করে ঢাকার কর কমিশনার। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে কর কমিশনারের সিদ্ধান্ত বহাল রাখেন।
এসএ





