গাজীপুরের টঙ্গীতে অপহৃত যুবক উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

 

আজ মঙ্গলবার (০৯ জুন) মধ্যরাতে টঙ্গীর খৈরতুল বালুরমাঠে হাত-পা বাঁধা অবস্থায় মামুনের বাড়ির পেছন থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতার অপহরণকারীরা হলো— শেরপুরের কুতুবউদ্দিনের ছেলে মঞ্জু মিয়া, রংপুরের আলামিন কামরুল হোসেনের ছেলে, স্বপন মিয়া নাটোরের ইউনুস মিয়ার ছেলে, ফয়সাল হোসেন গাজীপুরের আবু তালেবের ছেলে ও ওয়াসিম হোসেন একই জেলার আলী হোসেনের ছেলে।

গ্রেফতার আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানা গেছে। ভিকটিম খোকন মোল্লা জানান, টঙ্গীতে মামুন বাহিনীর প্রধান মামুনসহ  অজ্ঞাত কয়েকজন লোক মিলে বেশ কয়েক দিন ধরে ভিকটিমকে এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে বলে ভয়ভীতি দেখাতে থাকে।

গত সোমবার রাত ৮টার দিকে নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা ৭-৮ জন ভিকটিমকে গতিরোধ করে তুলে নিয়ে যায়।

অপহরণকারীরা ভিকটিম খোকনের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার ওপর শারীরিক নির্যাতন চালায়।

পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে টঙ্গীর খৈরতুল বালুরমাঠ এলাকা থেকে খোকনকে উদ্ধার করে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, গ্রেফতার আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে।

এবিএস