মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলায় মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

আজ (বুধবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করার পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ রায়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি বলেন, সাকা চৌধুরীকে যেসব অভিযোগে ট্রাইব্যুনাল যে দণ্ড দিয়েছেন, এর মধ্যে সাত নম্বর ছাড়া বাকি সব সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ।

মাহবুবে আলম বলেন, ‘সাকা চৌধুরী যে যুদ্ধাপরাধে জড়িত ছিলেন, তা প্রমাণ হলো। এই সাজা যদি না হতো, তাহলে প্রচণ্ড হতাশ হতাম। ফাঁসি হওয়ায় প্রত্যাশা পূরণ হয়েছে।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১। ওই রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ২০১৩ সালের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী।

এআই