রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে ইসমাইল ফরাজী (৫৬) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ খাটের নিচে রেখে বাসার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।   

মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর বিবিরবাগিচার ১ নম্বর গেটের ১/১/বি নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পরে নিহতের ছেলে বাসায় ফিরে তালা খুলে খাটের নিচে বাবার লাশ দেখতে পান। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ইসমাইলের লাশ উদ্ধার করে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির নাজিম নামে এক ছেলে রয়েছে। তিনি গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তার স্ত্রী আক্তারা বেগম এক সপ্তাহ আগে গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়িতে গেছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে নাজিম বিবিরবাগিচার বাসায় ফিরে দেখেন দরজায় তালা ঝুলছে। তিনি দরজা খুলে ভেতরে ঢুকে বেডরুমের খাটের নিচে তার বাবার লাশ পড়ে থাকতে দেখেন।  

ওসি বলেন, “ইসমাইল ফরাজীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার মাথায় ভারি আঘাতের চিহ্ন ও চোখে জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ খাটের নিচে রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়। আমরা খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি।”  

এমবি