মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলায় আপিলের শুনানি বুধবার পর্য়ন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪সদস্যের আপিল বেঞ্চে কামারুজ্জামানের আইনজীবীরা আপিল শুনানি বুধবার পর্য়ন্ত মুলতবি করেন। আদালতে শুনানি করেন কামারুজ্জামানের অাইনজীবী এস এম শাহজাহান। আজ ১ ও ২ নং অভিযোগের উপর শুনানি হয়।
অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির জানান, সকালে শুনানি শুরুর পর তা আগামীকাল পর্যন্ত কোর্ট মুলতবী করেছেন।
গত ২৩ জুলাই আদালতে কামারুজ্জামানের পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম। পুরো আগস্ট মাস সুপ্রিম কোর্ট অবকাশকালীন বন্ধ থাকায় আজ আবার শুনানি শুরু হলো।
গত ১৮ মে থেকে কামরুজ্জামানের মামলার আপিল শুনানি শুরু হয়। মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে কামরুজ্জামানের মামলার শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়।
এর আগে কাদের মোল্লা ও মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মামলায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করতেন।
গত বছরের ৬ জুন ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান।
আপিলে ২৫৬৪টি মূল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ সর্বমোট ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেয়া হয়েছে।
গত ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এছাড়া বাকী দুটি অভিযোগ প্রমানিত হয়নি মর্মে তাকে খালাস দেয়া হয়।
ঢাকা, কেএ, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





