ফরেস্ট সায়েন্স এন্ড টেক্সটাইল ইন্সটিটিউট লি.এর পরিচালক ও সিলেট বিভাগীয় সাবেক বন সংরক্ষক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৩০ লাখ ৬১ হাজার টাকার অবৈধ সম্পদের মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের নিয়মিত সভায় সংশ্লিষ্ট থানায় মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়েরের এ অনুমোদন দেয়া হয়।

যেকোনো সময় দুদকের উপ পরিচালক একেএম ফজলুল হক মামলাটি দায়ের করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

জানা যায়,গত ৩১ মার্চ সিলেট বিভাগীয়  সাবেক বন সংরক্ষক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকে আসে। পরে দুদক তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায়। নোটিশের পর তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। তার সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৬০ হাজার ৮৬৭ টাকার তথ্য গোপন এবং ৫ লাখ ১৮ হাজার ৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য  উপাত্ত পেয়েছে দুদক অনুসন্ধানী কর্মকর্তা।

এ বিষয়ে গত ৫ মে  অনুসন্ধাণী প্রতিবেদন জমা দেন দুদক কর্মকর্তা। যাচাই বাছাই শেষে আজ মামলার অনুমোদন দেয়া হয়।

ঢাকা, একে, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ