কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা।

আজ (০২ অক্টোবর) বিকাল ৪টা ২ মিনিটে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে দেখতে যান স্বজনেরা।

এর আগে সাড়ে ৩টার দিকে খালেদা জিয়ার স্বজনেরা কারা ফটকে যান। এরপর কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার এই তথ্য নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার স্বজনেরা সাক্ষাৎ করে চলে গেছেন। নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে তারা সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকারীদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, ভাগিনা ডা. মো. মামুন ও তারেক জিয়ার স্ত্রী জোবায়দা রহমানের বড়বোন শাহীনা জামান।

খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, চেয়ারপারসনের সঙ্গে স্বজনদের সাক্ষাতের বিষয়টি আমি জানি। তবে কারা কারা সাক্ষাৎ করেছেন সে বিষয়ে জানাতে পারছি না।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকের ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।

রায়ের পর থেকেই একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন। 

এমবি