খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আজ রোববার অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীদের ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাংবাদিকদের একাধিক স্থানে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি আজ রোববার অনুষ্ঠিত হবে। সাথে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিনের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে অপর একটি আবেদন রয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই আবেদনের ওপর শুনানি হবে। আপিল বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদন দু’টি ৯ ও ১০ নম্বরে রয়েছে।
জেড





