দক্ষিণ এশিয়ার দেশসমূহের স্টক এক্সচেঞ্জগুলোর সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস (সেফ)-এর সভাপতি মনোনীত হয়েছেন ড. আব্দুল মজিদ। চার্টার অনুসারে সেফ সেক্রেটারিয়েট তার মনোনয়ন দেওয়ার পর তিনি সেফ’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নবনির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ আব্দুল মজিদ
এর আগে সিএসইর পরিচালনা পর্ষদের সভায় ড. মজিদকে সিএসইর পক্ষ থেকে সেফ-এ প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করা হয়।
চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জসের প্রতিষ্ঠাতা সদস্য এবং সেফ’র স্থায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্য। সিএসই বর্তমানে সেফ’র চেয়ারপারসনের দায়িত্ব পালন করছে।
সার্কভুক্ত দেশগুলোর স্টক এক্সচেঞ্জ নিয়ে গড়ে ওঠা সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জসের উদ্দেশ্য হচ্ছে, এই অঞ্চলের সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন এবং রিজিওনাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রেশন নিশ্চিত করা। এটি সার্কের স্বীকৃতিপ্রাপ্ত একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জসের একটি নেটওয়ার্ক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান, কারিগরি সহায়তা ও ক্যাপিটাল মবিলাইজেশন এবং সর্বপরি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন আলোচনাকে এগিয়ে নিতে সেফ একটি ফোরাম হিসেবে কাজ করে।
মরিশাস ও আরব আমিরাতসহ সার্ক অঞ্চলের ২৭টি স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে সেফ গঠিত হয়। এর মধ্যে ১৪টি রিজিওনাল স্টক ও কমোডিটি এক্সচেঞ্জ প্রাথমিক সদস্য এবং নন রিজিওনাল এক্সচেঞ্জস, রিজিওনাল ডিপোজিটরি ও ক্লিয়ারিং প্রতিষ্ঠান মিলে ৮টি সহযোগী সদস্য এবং ৯টি অ্যাফিলিয়ট সদস্য।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]