চলতি অর্থবছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন সাড়ে ছয় শতাংশের কম হবে না বলে জনিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার দুপুরে পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে পরিকল্পনা মন্ত্রণালয় ও বিআইডিএস আয়োজিত ‘বাংলাদেশে টেকসই উপায়ে অতি দারিদ্র্য দূরীকরণ’ বিষয়ক দু’দিনব্যাপী এক সম্মেলনের প্রথম দিনে তিনি এ তথ্য জানান।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘চলতি অর্থ বছরে প্রবদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ শতাংশ। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে তা অর্জন সম্ভব হচ্ছে না। তবে প্রবৃদ্ধি অর্জন সাড়ে ছয় শতাংশের কম হবে না।
তিনি আরও বলেন, ‘উৎপাদনশীল খাতে প্রবৃদ্ধি বাড়িয়ে দেশে একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা গেলে স্বাভাবিকভাবেই অতিদরিদ্র লোকের সংখ্যা কমে আসে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে অতিদরিদ্র লোকের সংখ্যা তিন ভাগে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। দরিদ্রতা দূর করতে সবকার অবশ্যই দায়বদ্ধ।’
মুস্তফা কামাল বলেন, ‘দরিদ্রতা দূর করতে হলে যে নীতি নির্ধারণ ঠিক করতে হয় তাতে সরকারের ইচ্ছা ও জনগণের অংশগ্রহণ একসঙ্গে থাকতে হবে। দরিদ্রতা দূর করতে হলে শিক্ষা ও সু-ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ও এ দু’টি বিষয় গুরুত্ব সহকারে দেখছে। সেই সঙ্গে গবেষকদের এমন সুপারিশমালা দিতে হবে যার ওপর ভিত্তি করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় এবং দেশের দরিদ্রতা দ্রুততম সময়ের মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।’
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পানা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জিইডি সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সচিব সফিকুল আজম, সদস্য হুমায়ন খালিদ প্রমুখ।
জেআই





