ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মে মাসে নীটি বিদেশি বিনিয়োগ কমেছে। এপ্রিল মাসে নীট বিদেশি বিনিয়োগ ৫৭২ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৯৮২.৪৫ টাকা থাকলেও মেতে তা কমে দাঁড়িয়েছে ১২৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭২১.৩৮ টাকা। সে হিসেবে এক মাসের ব্যবধানে বিদেশি বিনিয়োগ কমেছে ৪৪৩ কোটি ৪৫ লাখ ২৬১. ০৭ টাকা।
রোববার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও জন সংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মে মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৩৫৩ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৩৩৩.৭১ টাকার শেয়ার কিনেন। এর বিপরীতে ২২৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৬১২.৩৪ টাকার শেয়ার বিক্রি করেন। সে হিসেবে মোট লেনদেন হয় ৫৭৭ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৯৪৬.০৫ টাকা। আর নীট বিনিয়োগ হয়েছে ১২৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭২১.৩৮ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৮৭৬ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ৯৯৫.১০ টাকার শেয়ার কিনেন। এর বিপরীতে ৩০৪ কোটি ৩৫ লাখ ৩ হাজার ১২.৬৫ টাকার শেয়ার বিক্রি করেন। সে হিসেবে মোট লেনদেন হয়েছিলো ১১৮০ কোটি ৭৯ লাখ ১ হাজার ৭.৭৫ টাকা। আর নীট বিনিয়োগ দাঁড়িয়েছিলো ৫৭২ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৯৮২.৪৫ টাকা।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]