এবার উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেকবহির্ভূত ১১টি দেশ। জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে শনিবার ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের প্রধান কার্যালয়ে এক বৈঠক থেকে এই সিদ্ধান্তে আসে দেশগুলো।
বৈঠকে ওপেকবহির্ভূত দেশ রাশিয়া, মালয়েশিয়া, সুদান, সাউথ সুদান, আজারবাইজান, ওমান, মেক্সিকো, ও বাহরাইনের প্রতিনিধিরাও অংশ নেন।
রাশিয়া বৈঠকে প্রতিদিন ৫ লাখ ৫৮ হাজার ব্যারেল তেল উত্তোলন কমাতে সম্মত হয়েছে। এর আগে ওপেক গত মাসে তেল উত্তোলন কমাতে চূড়ান্তভাবে সম্মত হয় । গত ১৫ বছরের মধ্যে এই প্রথম তেল উত্তোলন কমানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি বৈশ্বিক চুক্তি হলো।
আগামী জানুয়ারি থেকে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক যা গত আট বছরের মধ্যে তেল উত্তোলন কমানোর প্রথম সিদ্ধান্ত। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে আছে আলজেরিয়া,সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, ইকুয়েডর, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া ও কাতার ।
ওপেক আগামী বছরের ২৫ মে চুক্তির কার্যকারিতা পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় আলোচনা করতে আবার বৈঠকে বসবে বলে জানাযায়।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০১৪ সালের জুন থেকেই কমতে শুরু করে । বিশ্ববাজারে অধিক উত্তোলনের কারণে জোগান বেড়ে যায় তেলের। দুই বছরের মধ্যে তেলের দাম ৬০ শতাংশ পর্যন্ত কমে যায়।
নাজিব





